ইরাকের প্রধানমন্ত্রী মোহাম্মদ শিয়া আল-সুদানি যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিওকে বলেছেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধে ইরাককে যেন কোনো ধরনের হামলার ঘাঁটি হিসেবে ব্যবহার করা না হয়।
যুদ্ধ শুরু হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই বিভিন্ন দিক থেকে আসা যুদ্ধবিমান ও ক্ষেপণাস্ত্রে ইরাকের আকাশসীমা ভরে যায়।
সুদানি টেলিফোনে রুবিওকে বলেন, ইরাকের আকাশসীমা, ভূখণ্ড ও জলসীমা যেন প্রতিবেশী দেশ বা এই অঞ্চলের বিরুদ্ধে কোনো সামরিক অভিযানে ব্যবহার না হয়, তা নিশ্চিত করতে হবে।— এমনটাই জানিয়েছে প্রধানমন্ত্রীর মিডিয়া অফিস।
তিনি আরও বলেন, ইরাককে চলমান সংঘাতে জড়িয়ে ফেলার যেকোনো চেষ্টা তিনি প্রত্যাখ্যান করেন এবং যেকোনো পক্ষের দ্বারা ইরাকের আকাশসীমা লঙ্ঘনেরও বিরোধিতা করেন।
যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই ইরাক এতে জড়িয়ে পড়ে। যুক্তরাষ্ট্র ও ইসরাইলের ওপর অভিযোগ রয়েছে, যে তারা ইরান-সমর্থিত গোষ্ঠীগুলোর ওপর হামলা চালিয়েছে। এর প্রতিক্রিয়ায় ওই গোষ্ঠীগুলো ইরাক ও আশপাশের অঞ্চলে যুক্তরাষ্ট্রের ঘাঁটিগুলোর ওপর হামলার দাবি করেছে।


